১৩তমভাগ উদ্যোগপর্ব-সনৎসুজাতীয়-প্রথম অধ্যায়
১৩তমভাগ উদ্যোগপর্ব-সনৎসুজাতীয়-প্রথম অধ্যায়-সনৎসুজাত ঋষির আগমন
ধৃতরাষ্ট্র বললেন — বিদুর, তোমার বলার আর কিছু বাকি থাকলে বলো। শুনতে ইচ্ছে করছে খুব। তোমার বলার ধরনটাই যে অন্যরকম।
বিদুর বললেন — ভরতবংশীয় মহারাজ, 'সনৎসুজাত' নামে সুবিখ্যাত এক ব্রহ্মাপুত্র আছেন, প্রাচীন সেই ঋষি। তিনি একবার বলেছিলেন, মৃত্যু বলে আসলে কিছু নেই। সব বুদ্ধিমানের মধ্যে তিনিই সবচেয়ে শ্রেষ্ঠ। আপনার মনে যা কিছু প্রশ্ন উঠছে, প্রকাশ্যে হোক বা গোপনে — সবকিছুরই উত্তর দিতে পারবেন তিনি।
ধৃতরাষ্ট্র বললেন — বিদুর, যে তত্ত্বকথা এখন এই সনাতন ঋষির মুখে শোনাতে চাইছ আমাকে, সেটা কি তুমি নিজে জানো না? তোমার নিজের বুদ্ধিতেই যদি কুলোয়, তুমিই বরং বলো আমাকে।
বিদুর বললেন — মহারাজ, আমি জন্মেছি শূদ্রা নারীর গর্ভে, তাই এর বেশি উপদেশ দেওয়ার অধিকার আমার নেই। তবে কুমার সনৎসুজাতের বুদ্ধি সনাতন ব্রহ্মতত্ত্ব স্পর্শ করে, এটুকু আমি জানি। ব্রাহ্মণ বংশে যাঁদের জন্ম, তাঁরা এই গোপন তত্ত্ব প্রকাশ করলেও নিন্দার পাত্র হন না। তাই আপনাকে সনৎসুজাতের নামই বললাম।
ধৃতরাষ্ট্র বললেন — বিদুর, সেই প্রাচীন সনাতন ঋষি এখন কোথায়, জানাও আমাকে। এখানে আসবেনই বা কীভাবে?
তারপর বিদুর মন দিয়ে স্মরণ করলেন উত্তম ব্রতধারী সেই সনাতন ঋষিকে। বিদুর তাঁকে স্মরণ করেছেন জানতে পেরে সেখানে এসে উপস্থিত হলেন সনৎসুজাত। শাস্ত্রমতে পাদ্য-অর্ঘ্য, মধুপর্ক দিয়ে তাঁকে স্বাগত জানালেন ধৃতরাষ্ট্র। আসনে বসে যখন একটু বিশ্রাম নিচ্ছেন ঋষি, বিদুর বললেন তাঁকে — "হে ঋষিশ্রেষ্ঠ, ধৃতরাষ্ট্রের মনে কিছু সংশয় জেগেছে, যার সমাধান আমার দেওয়া সাজে না। আপনিই এর যোগ্য। এমন কিছু শোনান তাঁকে, যা শুনে এই রাজা সব দুঃখ থেকে মুক্তি পান — লাভ-ক্ষতি, প্রিয়-অপ্রিয়, জরা-মৃত্যু, ভয়-দুঃখ, ক্ষুধা-তৃষ্ণা, অহংকার-ঐশ্বর্য, চিন্তা-আলস্য, কাম-ক্রোধ, উন্নতি-অবনতি — এইসব দ্বন্দ্ব যেন আর কষ্ট দিতে না পারে তাঁকে।"
বি: দ্র: পরবর্তী ভাগে থাকবে সনৎসুজাতীয়-দ্বিতীয় অধ্যায়- "বাঙালি প্রজ্ঞা গ্রন্থাগার " সংক্ষিপ্ত মহাভারতের আদি পর্ব ৭১তম ভাগে, সভা পর্ব ১৬তম ভাগে, বনপর্ব ৬৫তম ভাগে এবং বিরাট পর্ব ১১ভাগে সম্পন্ন করেছে।
এখন চলছে সংক্ষিপ্ত মহাভারতের উদ্যোগপর্বের ১৩তমভাগের (সনৎসুজাতীয়-প্রথম অধ্যায়)আলোচনা। উদ্যোগপর্ব চলবে।
উদ্যোগপর্বের দ্বাদশ ভাগের (বিদুর নীতির অষ্টম অধ্যায়) সংক্ষিপ্ত আলোচনা পড়তে এখানে ক্লিক করুন।
পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত ভাগ এই ব্লগে পেতে নিচের লিংকে ক্লিক করুন ।
সংক্ষিপ্ত মহাভারতের বিষয়সূচি (Indexes of Brief Mahabharata )
আপনার যদি কোনো জিজ্ঞাসা, প্রশ্ন বা পরামর্শ থাকে, তবে নিচের comment boxএ লিখুন :
"বাঙালি প্রজ্ঞা গ্রন্থাগার' কর্তৃক প্রকাশিত।

Comments
Post a Comment