৪৬তমভাগ মহাভারতের উদ্যোগপর্ব-মহাপ্রলয়ের আগের রাতে: অহংকার ও প্রচ্ছন্ন আগুনের গল্প
৪৬তমভাগ মহাভারতের উদ্যোগপর্ব-মহাপ্রলয়ের আগের রাতে: অহংকার ও প্রচ্ছন্ন আগুনের গল্প রাতের অন্ধকার তখনও কাটেনি। কুরুক্ষেত্রের দিগন্তে কেবল ভোরের ধূসর আলো ফুটে উঠছে। ধৃতরাষ্ট্রকে সেই মুহূর্তের খবর দিতে গিয়ে সঞ্জয় শোনালেন এক অদ্ভুত আড্ডার কথা। যুদ্ধের আগের দিন রাতে কৌরবদের শিবিরে এক অস্থির প্রশ্ন জেগেছিল দুর্যোধনের মনে। পিতামহ ভীষ্মের সামনে দাঁড়িয়ে দুর্যোধন শুধোলেন, "পিতামহ, পাণ্ডবদের এই বিশাল মহাসমুদ্রের মতো বাহিনীকে ধ্বংস করতে আপনার ঠিক কতদিন লাগবে? কিংবা দ্রোণ, কৃপ বা কর্ণেরই বা কত সময় চাই?" ভীষ্মের মুখে ফুটল এক বিষণ্ণ আর গম্ভীর হাসি। "রাজন, শোনো," ভীষ্ম বললেন, "ধর্মযুদ্ধের নিয়ম মেনে চললে আমি প্রতিদিন দশ হাজার সেনা আর এক হাজার রথী সংহার করতে পারি। সেই হিসেবে আমার মহাঅস্ত্র প্রয়োগ করলে সময় লাগবে মাত্র এক মাস।" পাশে দাঁড়িয়ে থাকা দ্রোণাচার্য দীর্ঘশ্বাস ফেলে সহমত হলেন— বৃদ্ধ হলেও তিনিও এক মাসের বেশি সময় নেবেন না। কৃপাচার্য চাইলেন দুই মাস, আর অশ্বত্থামা ঘোষণা করলেন দশ দিনের কথা। কিন্তু ঠিক তখনই পরিবেশ বিষিয়ে দিলেন কর্ণ। দম্ভভরে বলে উঠলেন, "এদের...